উন্নয়ন পথযাত্রায় বৈশিষ্ট্যপূর্ণ অবদান রাখছে এনজিও ফাউন্ডেশন :অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, করোনার এই সময়ে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)। ক্ষুদ্র একটি প্রতিষ্ঠান হিসেবে ক্ষুদ্র পরিসরে উন্নয়ন পথযাত্রায় বৈশিষ্ট্যপূর্ণ অবদান রেখে আসছে প্রতিষ্ঠানটি। ফাউন্ডেশনটি প্রতিষ্ঠার পর বিভিন্ন সময়ে সরকার থেকে আয়বিধায়ক তহবিল হিসেবে ১৬২ কোটি টাকা প্রাপ্ত অনুদানে অর্জিত মুনাফা থেকে সহযোগী সংস্থাকে ১৫৯ কোটি ৬৭ লাখ টাকা বরাদ্দ প্রদান করেছে। এর পরেও বর্তমান তহবিলে স্থিতি রয়েছে ২৭০ কোটি টাকা। এটা অবশ্যই ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ সাফল্যের ইঙ্গিত বহন করে। গতকাল রবিবার বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের স্থায়ী ভবন নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে এ ভবন নির্মাণ করা হচ্ছে। দুটি ভূগর্ভস্থ বেজমেন্টসহ ১২ তলাবিশিষ্ট এই ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩৮ কোটি ৬৩ লাখ টাকা। ভার্চুয়াল পদ্ধতীতে সংযুক্ত হয়ে অর্থমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গঠনের স্বপ্ন দেখেছিলেন। তার আজীবনের স্বপ্ন ছিল একটি দারিদ্র্যমুক্ত ও শোষণমুক্ত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলা। জাতির পিতার সেই অর্থনৈতিক দর্শন অনুসরণ করে তারই রক্তের উত্তরাধিকার বর্তমান প্রজন্মের কিংবদন্তি ও আধুনিক বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও হিরন্ময়ী নেতৃত্বে গত এক দশকে গড়ে ৭ দশমিক ৪ শতাংশ অভূতপূর্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এমনকি অপ্রত্যাশিত অভিঘাত কোভিড-১৯ মহামারিকালে গত বছর যেখানে বৈশ্বিক অর্থনীতি ৩ শতাংশ সংকুচিত হয়েছে, এমন ক্রান্তিকালেও বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের জরিপ অনুযায়ী বাংলাদেশ শীর্ষ পাঁচটি সহনশীল অর্থনীতির মধ্যে রয়েছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত ছিলেন অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার, পর্ষদ সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সহযোগী এনজিওর প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন।