ইত্তেফাক রিপোর্ট
পরীক্ষা ছিল আইসিটি’র (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)। যাতে নৈর্ব্যত্তিক প্রশ্ন ছিল ২৫টি। প্রথম পৃষ্ঠায় আইসিটির ১২টি প্রশ্ন থাকলেও অপর পৃষ্ঠায় যে ১৩টি প্রশ্ন রয়েছে তা আইসিটির নয়, ক্যারিয়ার শিক্ষার। অনিয়মিত শিক্ষার্থীদের এ পরীক্ষা বুধবার হওয়ার কথা ছিল। গত মঙ্গলবার যশোর বোর্ডে এ ঘটনা ঘটেছে। এ কারণে যশোর বোর্ডের পরীক্ষা বাতিল করেছেন কর্তৃপক্ষ। এই পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বোর্ড কর্তৃপক্ষ বলছেন, বিজি প্রেসের মুদ্রণজনিত ত্রুটির কারণে দুই পৃষ্ঠায় দুটি বিষয়ের পরীক্ষার প্রশ্ন ছাপা হয়েছে।
ক্যারিয়ার শিক্ষা অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য সারা দেশে অভিন্ন প্রশ্নের আলোকে অনুষ্ঠিত হবে। ক্যারিয়ার বিষয়ের অর্ধেক প্রশ্ন যশোর বোর্ডে অন্য প্রশ্নের সঙ্গে ছাপা হয়ে যাওয়ায় সারা দেশের বুধবারের অনিয়মিত শিক্ষার্থীদের এ পরীক্ষাও বাতিল করেছে আন্তঃশিক্ষা বোর্ড। গতকাল ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক তপন কুমার সরকার ইত্তেফাককে বলেন, বাতিল হওয়া এ পরীক্ষা আগামী ২ মার্চ শনিবার বেলা ২টায় অনুষ্ঠিত হবে। তিনি জানান, পরীক্ষার প্রশ্নের এ ত্রুটির দায় বোর্ডের নয়।
যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আব্দুল আলীম জানান, আইসিটির প্রশ্নপত্রের প্রথম পৃষ্ঠা ঠিক থাকলেও দ্বিতীয় পৃষ্ঠায় ছিল ক্যারিয়ার শিক্ষা বিষয়ের প্রশ্ন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে পরীক্ষাটি স্থগিত করা হয়। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধবচন্দ্র রুদ্র জানান, বিজি প্রেসের মুদ্রণজনিত ত্রুটির কারণে এ সমস্যা তৈরি হয়েছে।