সাভারের আশুলিয়া থেকে তিন বছরের এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনার দুই দিন পর সিরাজগঞ্জ থেকে অপহূত শিশু আফিয়াকে উদ্ধার করেছে র্যাব-৪। এ সময় অপহরণকারী চক্রের হোতা রানা আহমেদ বাকিকে (৩৪) গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত অপহরণকারী রানা আহমেদ পাবনা জেলার সদর থানায় ভাউডাঙ্গা গ্রামের বাসিন্দা। সে গত দুই বছর ধরে সাভার উপজেলার পল্লীবিদ্যুত্ কবরস্থান রোড এলাকায় ভাড়াবাসায় ভাড়া থেকে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত।
জানা যায়, শিশু আফিয়ার বাবা-মা দুই জনই গার্মেন্টসে কাজ করায় শিশুটি প্রতিবেশী নানির কাছে থাকত। তার পাশের কক্ষেই রানা ভাড়া থাকায় শিশুটি তাকে মামা বলে ডাকত। এ সুযোগে গত বৃহস্পতিবার দুপুরের দিকে তিন বছরের শিশু আফিয়াকে অপহরণ করে রানা।