বিশেষ প্রতিনিধি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যে সকল চিকিত্সক কর্মস্থলে অনুপস্থিত থাকবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যার যেখানে থাকার কথা তার সেখানে থাকতে হবে। যে চিকিত্সকের যেখানে দায়িত্ব তাকে সেখানেই দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনে অবহেলা দেখা গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বাস্থ্যমন্ত্রী গত মঙ্গলবার বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের অডিটোরিয়ামে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা : বাংলাদেশে স্বাস্থ্য খাতে করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সংগঠনটির সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে সেমিনারে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, সংসদ সদস্য মুহাম্মদ শফিকুর রহমান, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, সংগঠনটির মহাসচিব ইহেতাশেমুল হক চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের চিকিত্সা ব্যবস্থা আগের চেয়ে উন্নত হয়েছে। কিছু লোকবলের ঘাটতি রয়েছে। তবে যারা দায়িত্বে আছেন তাদের কঠোর মনিটরিংয়ের আওতায় আনা হবে। চিকিত্সকের ঘাটতি মেটাতে এ বছরের মধ্যে আরও ১০ হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হবে। চিকিত্সকরা যেন উপজেলায় থাকেন সেজন্য প্রত্যেক উপজেলায় গাড়ি দেওয়া হবে।