স্কুলে ভর্তি না করায় শিশুর আত্মহত্যা

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর সবুজবাগে স্কুলে ভর্তি করে না দেওয়ায় অভিমান করে রিমা আক্তার (১১) নামে এক শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গত মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

জানা গেছে, রিমা আক্তারের বাবার নাম আওলাদ হোসেন। তাদের গ্রামের বাড়ি ফরিদপুরের সালতা উপজেলার শিহিপুর গ্রামে। আওলাদ হোসেনের বড় দুই মেয়ে মালিবাগে একটি গার্মেন্টসে চাকরি করে। ডিসেম্বর মাসে বড় বোনেরা গ্রাম থেকে রিমাকে ঢাকায় নিয়ে আসে। রিমা গ্রামের স্কুলে ৫ম শ্রেণিতে পড়তো। ঢাকায় তাকে স্কুলে ভর্তি করে দেওয়ার কথা ছিল। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী তাকে স্কুলে ভর্তি না করায় বড় বোনদের সঙ্গে গত সোমবার রাতে রিমার কথাকাটি হয়। তখন তারা তাকে স্থানীয় একটি স্কুলে ভর্তি করে দেওয়ার আশ্বাস দেয়। এরপর গতকাল মঙ্গলবার সকালে রিমার দুই বোন কাজের জন্য গার্মেন্টসে চলে গেলে রিমা বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আশপাশের লোকজন রিমাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।