সমাজসেবা অধিদপ্তরে দুদকের অভিযান দুই জন বরখাস্ত

ইত্তেফাক রিপোর্ট

সমাজসেবা অধিদপ্তরে আর্থিক সাহায্য প্রদানে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। হতদরিদ্র ব্যক্তিদের জটিল রোগের চিকিত্সার জন্য আর্থিক সাহায্য প্রাপ্তিতেও সমাজসেবা অধিদপ্তরে কতিপয় কর্মকর্তাকে ঘুষ প্রদান করাসহ নানা ধরনের দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক টিম।

দুদক অভিযোগ কেন্দ্রে আগত এক অভিযোগের প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার দুদক মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরীর নির্দেশে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম আগারগাঁও এ সমাজসেবা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে এসব দুর্নীতির প্রমাণ পান।

দুদক সূত্র জানায়, অভিযানকালে দুদক টিম দেখে, সমাজসেবা অধিদপ্তরে প্রশাসনিক কর্মকর্তা কাওছার আহমেদ দুর্নীতির সাথে জড়িত। তিনি যেকোনো আর্থিক সাহায্যের চেক প্রদানের জন্য কমপক্ষে ৫ হাজার টাকা ঘুষ নেন। ঘুষের টাকা তাকে না দিলে তিনি মারাত্মকভাবে অসুস্থ রোগীদেরও ভোগান্তিতে ফেলেন। দুদক টিমের উপস্থিতিতে বরিশাল বিভাগীয় অফিসের অফিস সহকারী হাফিজুর রহমান ও এক দালালের সঙ্গে সমাজসেবা অধিদপ্তর প্রশাসনিক কর্মকর্তা কাওছার আহমেদের ঘুষের ব্যাপারে দর কষাকষি করছিলেন। বিষয়টি সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালককে অবহিত করলে কাওছার আহমেদ ও হাফিজুর রহমানকে গতকাল বিকালে সাময়িক বরখাস্ত করা হয়। অভিযান প্রসঙ্গে মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, সরকারি দপ্তরে দুর্নীতির জঞ্জাল অপসারণে দুদক অব্যাহত অভিযান চালাচ্ছে, সব দপ্তরই মনিটরিং-এর আওতায়।