ইবিতে সম্প্রীতির আহ্বানে আলোর মিছিল 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সম্প্রীতির আহ্বানে আলোর মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রী।

সোমবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শাখা ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহর সঞ্চালনায় সভাপতি আব্দুর রউফ, সহ-সভাপতি আখতার হোসেন আজাদ, সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) আরিফুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ যে অসাম্প্রদায়িক উদ্দেশ্য নিয়ে স্বাধীন করা হয়েছিলো আমরা সেই ৭২ এর সংবিধানে ফেরত যেতে চাই। এছাড়া সাম্প্রতিক সময়ে যে সাম্প্রদায়িক হামলাগুলো হয়েছে সবগুলোর সুষ্ঠু তদন্ত করে বিচার নিশ্চিত করার পাশাপাশি জড়িতদের মুখোশ উন্মোচন করার দাবি জানান তারা।

ইত্তেফাক/এমএএম