অনিরাপদ ঢাকা-ময়মনসিংহ পূর্ব বাইপাস সড়ক

ঢাকা-ময়মনসিংহ পূর্ব বাইপাস সড়ক যানবাহন চলাচলের জন্য অনিরাপদ হয়ে পড়েছে। বেপরোয়া গাড়ি চালানো, ওভারটেকিং, প্রতিযোগিতামূলক গাড়ি চালানো এবং লাইসেন্সবিহীন অপ্রাপ্তবয়স্ক গাড়িচালকদের কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। প্রতিনিয়ত দূরপাল্লার বাস-ট্রাকসহ অটোরিকশাও চলাচল করে। ২০১৮ সালের ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন ছিল সড়কের নিরাপত্তা আদায়ের আন্দোলন। করা হয়েছিল নয় দফা দাবি। তবু যেন দাবি আদায় সম্পূর্ণ হয়নি। তাই সড়ক পরিবহন করপোরেশন কর্তৃক ট্রাফিক আইন সম্পর্কে চালকদের সচেতন করতে হবে ও বেপরোয়া চালকদের চিহ্নিত করে লাইসেন্স বাতিল করতে হবে। বাড়াতে হবে সড়কের নিরাপত্তাবাহিনীর টহল। নিরাপদ সড়ক মানুষের মৌলিক অধিকার।

মো. রায়হান আবিদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ