বিশেষ প্রতিনিধি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম ধাপে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বনানী রেল স্টেশন পর্যন্ত কাজ আগামী জুনে শেষ হবে। দ্বিতীয় ধাপ বনানী রেল স্টেশন থেকে মগবাজার রেল ক্রসিং পর্যন্ত আগামী বছরের জুলাইয়ে এবং শেষ ধাপ মগবাজার রেল ক্রসিং থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত ২০২১ সালের সেপ্টেম্বরে শেষ হবে। গতকাল বুধবার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন কাওলায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের নির্মাণকাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রকল্পের দ্বিতীয় ধাপের কাজ শেষ হলে উড়াল সড়কটির আংশিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মগবাজার রেল ক্রসিং পর্যন্ত যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। এ পর্যন্ত প্রথম ধাপের অগ্রগতি ৫০ শতাংশ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ২০ ভাগ। ১৩০৪টি পাইল, ২৮০টি পাইল ক্যাপ, ৬২টি ক্রস-বিম, কলাম ১৬৩টি (সম্পূর্ণ) ও ৮৪টি (আংশিক) এবং ১৮৬টি আই গার্ডার নির্মাণ সম্পন্ন হয়েছে। এছাড়াও ২টি স্প্যান আই গার্ডার স্থাপনের কাজ শেষ হয়েছে।
উল্লেখ্য, প্রায় ২০ কিলোমিটার দৈর্ঘ্যের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-কুড়িল-বনানী-মহাখালী-তেজগাঁও-মগবাজার-কমলাপুর-সায়েদাবাদ-যাত্রাবাড়ী হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালীতে মিলিত হবে। পরিদর্শনকালে প্রকল্পের পরিচালক এ এইচ এম শাখাওয়াত আকতার ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইটালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড’র প্রকল্প ব্যবস্থাপক সাকসিথ সোয়ানাগার্ড প্রমুখ উপস্থিত ছিলেন।