আপাতত ঘাপটি মেরে আছে বিএনপি জামায়াত :নাসিম

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর নিস্তেজ সর্পের মতো আপতত ঘাপটি মেরে আছে বিএনপি-জামায়াত। তবে সময় মতো উঠে দাঁড়িয়ে তারা বিষাক্ত সাপের মতো ছোবল মারতে পারে। তাই সবার সজাগ থাকতে হবে। গতকাল বুধবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি-জামায়াত দেশে-বিদেশে অপপ্রচার চালাচ্ছে, সক্রিয় আছে।

মোহাম্মদ নাসিম বলেন, ১৪ দল একটি আদর্শিক জোট। অসাম্প্রদায়িক শোষণমুক্ত দেশ গড়তে ১৪ দল গঠন হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতত্বে ১৪ দলের ঐক্য অটুট রয়েছে। কোন পদ-পদবির জন্য এ জোট  গঠিত হয়নি। লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে ১৪ দল। সভায় বঙ্গবন্ধুর কন্যা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ায় কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বৈঠকে বলেন, ১৪ দলের ঐক্য অটুট আছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ১৪ দলের এখনো অনেক কাজ বাকি আছে। জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে রাজাকার, জঙ্গি ও যুদ্ধাপরাধীমুক্ত করতে আমরা অনেকটা সফল হয়েছি। কিন্তু সাম্প্রদায়িকতা এখনো রয়ে গেছে। তিনি বলেন, বিএনপি-জামায়াত এখনও চক্রান্তের মধ্যে রয়েছে।

এ সময় সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী এমপি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (একাংশ)’র সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের আহবায়ক মো. রেজাউর রশিদ খান, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় যুব সংহতির সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আশরাফ তালুকদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর আগে মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে কেন্দ্রীয় ১৪ দলের এক সভা অনুষ্ঠিত হয়।