বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

গফরগাঁওয়ে পল্লী বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়ে আছর উদ্দিন (৬৮) নামের এক প্রতিবন্ধী বৃদ্ধ মারা গেছেন। সোমবার সকালে উপজেলার ধামাইল গ্রামের পশ্চিম পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ভালুকা-গফরগাঁও-খুরশীদমহল ব্রিজ সড়কে হাটুরিয়া মোড় থেকে খুরশীদমহল ব্রিজ পর্যন্ত পল্লী বিদ্যুতের নতুন লাইন নির্মাণের কাজ চলছে। রবিবার বিকালে ঐ এলাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান বেশ কয়েকটি খুঁটি স্থাপন করে। সোমবার সকালে প্রতিবন্ধী আছর উদ্দিন গরু নিয়ে খুঁটির সামনে দিয়ে মাঠে যাওয়ার সময় হুড়মুড়িয়ে বিদ্যুতের খুঁটি তার শরীরের ওপর পড়ে। এতে খুঁটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ব্যাপারে ময়মনসিংহ পল্লী বিদ্যুত্ সমিতি (ভালুকা)-২ এর এজিএম (ইএন্ডসি) মো. আশরাফুল আলম বলেন, ঘটনার তদন্ত করা হচ্ছে। গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।