শিশু-নারী ও মেডিক্যাল শিক্ষার্থীসহ নিহত পাঁচ

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা

ইত্তেফাক ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় শিশু-নারী ও মেডিক্যাল শিক্ষার্থীসহ পাঁচ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার এসব দুর্ঘটনা ঘটে। ব্যুরো অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

ফেনী : ফেনীর লেমুয়ায় যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে নারী ও শিশুসহ লেগুনার তিন যাত্রী নিহত ও সাত জন আহত হয়েছেন। গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— রাহেলা আক্তার (৩০), সাইকা আক্তার (৫) ও মুক্তিযোদ্ধা আবদুস সোবহান (৬৫)। আহতদের ফেনী সদর আধুনিক হাসপাতাল ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খুলনা : আরিফুল ইসলাম আকাশ নামে (২২) খুলনা মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্র নিহত হয়েছেন। গতকাল নগরীর লবণচরা থানার গেট সংলগ্ন রূপসা সেতু বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা : কুমিল্লায় বাস ও লেগুনা সংঘর্ষে বৈশাখী পাল (২৫) নামে এক নারী নিহত ও তিন জন আহত হয়েছেন। গতকাল কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের হরিণধরায় এ ঘটনা ঘটে। বৈশাখী ওই দক্ষিণ রামপুর গ্রামের আমেরিকা প্রবাসী মানিক চন্দ্র পালের স্ত্রী।