রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদী এলাকার শাহাজদ্দিনের ছেলে ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুনের দায়েরকৃত মামলা তুলে না নিলে সন্ত্রাসীরা তাকে জবাই করে নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। জীবনের নিরাপত্তা চেয়ে গতকাল সকালে আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে একই এলাকার সন্ত্রাসী হাসিবুর রহমান, লুত্ফর রহমান, জহিরুল ইসলাম ও ফজলুল হককে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, কাঞ্চন পৌরসভার কালাদী এলাকার ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুনের মালিকানাধীন কাঞ্চন মৌজাস্থিত ২৮ শতাংশ জমি ভূমিদস্যুরা দীর্ঘদিন ধরে দখলে নেওয়ার পাঁয়তারা করে আসছে। এ ব্যাপরে ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে নারায়ণগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। এরপর থেকে আদালতে দায়েরকৃত মামলা তুলে নেওয়ার জন্য আসামিরা মামুনকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। মামলা তুলে না নিলে তাকে জবাই করে নদীতে ভাসিয়ে দেওয়া হবে বলেও সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে।
এ ব্যাপারে আব্দুল্লাহ মামুন গতকাল সোমবার রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, ‘ব্যবসায়ী আব্দুল্লাহ মামুনের দায়েরকৃত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’