আব্দুন নূর
ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের কাইতকোনা গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুন নূরকে (৭৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল বুধবার বেলা দু’টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। মরহুম মুক্তিযোদ্ধা আব্দুন নূর গ্রামের মৃত. হাজী ইউনূস আলীর পুত্র। মঙ্গলবার রাতে হূদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন(ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাহি রাজিউন)। তিনি স্ত্রী, ৫ পুত্র, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজায় উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নূর মুহাম্মদ খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, নুরুল আমিন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম, ইউপি সদস্য এসএম মাহমুদ, তোফায়েল আহমদ মেম্বার, মুক্তিযোদ্ধা আলতাব আলী মেম্বার, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু, স্থানীয় আব্দুল মুকিত, রফিকুল ইসলামসহ মুক্তিযোদ্ধা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেট আজিজুল হক
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের রানীনগর গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আজিজুল হক ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা মোঃ তরিকুল আলম জানান, মঙ্গলবার রাতের যে কোনো সময় জেলা শহরের নতুন হুজরাপুর মহল্লার বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল বুধবার বিকালে খালঘাট সেন্ট্রাল গোরস্থানে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের দাফন সম্পন্ন হয়। তিনি ২ ছেলে রেখে গেছেন।