সুদানে সামরিক অভ্যুত্থানের পর দেশটির প্রধান বিরোধী জোট সামরিক সরকারের বিরুদ্ধে মাঠে নামার আহ্বান জানিয়েছে।সুদানে অন্তর্বর্তী মন্ত্রিসভা বাতিল এবং বেসামরিক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ হামদুকসহ কয়েকজন মন্ত্রীকে আটক করার পর বিরোধী জোট এই আহ্বান জানালো।
সুদানের তথ্য মন্ত্রণালয় সোমবার (২৫ অক্টোবর) বলেছে, দা ফোর্সেস অফ ফ্রিডম অ্যান্ড চেঞ্জ দাবি করেছে, অন্তর্বর্তী সামরিক পরিষদকে পদত্যাগ করতে হবে এবং বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। পাশাপাশি তারা সারা দেশে বিক্ষোভ প্রতিবাদ জানানোর কথা বলেছে।
এছাড়া, আটক সমস্ত মন্ত্রী ও সবরেইন কাউন্সিলের সদস্যদের শিগগিরই মুক্তি দিতে হবে। সুদানের সবরেইন কাউন্সিলের মাধ্যমে সামরিক ও বেসামরিক নেতাদের মধ্যে ক্ষমতা ভাগাভাগির হয়েছে। অবশ্য সুদানের সামরিক বাহিনীর প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহানএে কাউন্সিল ভেঙে দিয়েছেন।
গতকাল (২৫ অক্টোবর) তিনি সুদান টেলিভিশনে দেয়া বক্তৃতায় সবরেইন কাউন্সিল ভেঙে দেয়ার ঘোষণা দেন এবং দেশে জরুরি অবস্থা জারি করেন। সে সময় তিনি অঙ্গীকার করেন যে, শিগগিরই আরো বেশি যোগ্যতাসম্পন্ন একটি সরকার গঠন করা হবে।
ইত্তেফাক/এএইচপি