রূপগঞ্জে গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

রূপগঞ্জে গরু চোর সন্দেহে অজ্ঞাত পরিচয় এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার পূর্বাচল উপশহরের ৩ নং সেক্টর গুতিয়াবো এলাকায় ঘটে এ ঘটনা।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক আমিনুর রহমান জানান, মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে পূর্বাচল উপশহরের ৩নং সেক্টর বেইল্লারটেক এলাকার জনৈক কৃষক ফটিকের বাড়িতে ৫/৬ জনের একদল গরু চোর গোয়ালঘর থেকে ২ টি গরু চুরি করে পালিয়ে যাবার সময় ওই বাড়ির ও আশপাশের লোকজন চোরদের ধাওয়া করে। পরে স্থানীয় সী-সেল পার্কের পাশের বালুর মাঠ থেকে চুরি হওয়া গরু দুটি উদ্ধার করা হয়। পরে বিক্ষুব্ধ জনতা গরু চোর সন্দেহে এক যুবককে গণধোলাই দিয়ে আটকে রাখে, পরে পুলিশ খবর পেয়ে বুধবার সকালে এই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিত্সাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এম এ হক বলেন, এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের         জন্য আটক করা হয়েছে, ঘটনা তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।