ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে তিনজন গ্রামবাসী নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। বিবৃতিতে তিনি বলেন, ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বেতবনা সীমান্তে বিজিবি ও গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে তিনজন গ্রামবাসী নিহত ও অসংখ্য মানুষ আহত হয়েছে। এ ঘটনায় আমি নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কোনো মানুষকেই বিচারবহির্ভূতভাবে হত্যা করা আইন সম্মত নয়।
আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে অস্ত্র থাকলেই তা ত্বরিত্ প্রয়োগ করা সুশাসনের লক্ষণ হতে পারে না। বরং তা বিপরোয়া ও বেআইনী কর্মকাণ্ডেরই অংশ। মির্জা আলমগীর বলেন, সুদীর্ঘ সময় ধরে ভারতীয় বিএসএফ সীমান্তে বাংলাদেশিদের হত্যা করে আসছে। এর সঙ্গে দেশের বিজিবি-ও যদি যুক্ত হয় তাহলে সীমান্তবর্তী মানুষজনের জীবনের আর কোনো নিরাপত্তা রইল না।
এখন জনগণ প্রশ্ন করছে—বিজিবি কার স্বার্থ রক্ষা করছে? বিএনপি মহাসচিব বলেন, এরকম পরিস্থিতি চলতে থাকলে বাংলাদেশে জঙ্গলের রাজত্ব স্থায়ীভাবে আসন লাভ করবে।