ফল বাতিল চেয়ে বিএনপি প্রার্থীদের সাত নির্বাচনী মামলা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল বাতিল চেয়ে হাইকোর্টে নির্বাচনী মামলা দায়ের করা হয়েছে। ধানের শীষ প্রতীক নিয়ে লড়া বিএনপির পরাজিত সাতজন প্রার্থী গতকাল বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সাতটি মামলা দাখিল করেছেন। যথাসময়ে এসব মামলা হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে শুনানির জন্য উত্থাপন করা হবে বলে জানান প্রার্থীদের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

তিনি জানান, এসব মামলায় বলা হয়েছে গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে নানা অনিয়ম হয়েছে। এসব অনিয়মের মধ্যে মৃত ব্যক্তিও ভোট দিয়েছেন। কোনো কোনো ভোটকেন্দ্রে ৯৭ থেকে ৯৮ ভাগ ভোট পড়েছে। এ কারণে নির্বাচনী ফল বাতিলের আবেদন করা হয়েছে। ব্যারিস্টার কাজল জানান, আজ বৃহস্পতিবার আরও ৫টি নির্বাচনী মামলা দাখিল করা হবে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক এসব মামলা করা হচ্ছে।

দাখিলকৃত মামলাগুলোর বাদী হয়েছেন ঝিনাইদহ-৪ আসনে সাইফুল ইসলাম ফিরোজ, টাঙ্গাইল-৭ এ আবুল কালাম আজাদ সিদ্দিকী, বরিশাল-১ জহির উদ্দিন স্বপন, গাজীপুর-৪ শাহ রিয়াজুল হান্নান, মৌলভীবাজার-৩ নাসের রহমান, মুন্সীগঞ্জ-১ আব্দুল হাই, ভোলা-২ মো: হাফিজ ইব্রাহিম। প্রসঙ্গত নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার জন্য বিএনপি সুপ্রিম কোর্টের ৮ জন আইনজীবীকে দায়িত্ব দিয়েছে।