জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল ও সাবেক সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ ৬ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় সংঘর্ষ শুরু হলে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ চলাকালে ৬ রাউন্ড গুলির শব্দও শোনা যায়। এছাড়া উভয় গ্রুপের নেতা-কর্মীদের হাতে বিভিন্ন ধরনের অস্ত্র দেখা যায়।
পরে সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও বিভিন্ন বিভাগের শিক্ষকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই গ্রুপের নেতা-কর্মীদের শান্ত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। জানা যায়, সংঘর্ষ চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফিরোজ উল হাসানের বুকে ইটের আঘাত লাগে। এছাড়া আহত হন উভয় গ্রুপের ছাত্রলীগ কর্মী সাজ্জাত, বাহার, মোস্তফা, উত্স ও রনি।
জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে জাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল তার স্ত্রীকে নিয়ে ক্যাম্পাসে ঘুরতে আসেন। এ সময় বর্তমান সম্পাদক চঞ্চল তার নেতা-কর্মীদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ এলাকায় রাসেলকে ধাওয়া দেয়। এ খবর জানার পর রাজিবের অনুসারীরা অস্ত্র নিয়ে আবাসিক হল থেকে বের হয়ে বর্তমান সাধারণ সম্পাদকের হলে হামলা চালায়। এরপরই দুই গ্রুপের মাঝে সংঘর্ষ বেধে যায়।