অর্থ পাচার মামলায় মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট অভিযুক্ত

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন অর্থ পাচার মামলায় অভিযুক্ত হয়েছেন। গতকাল বুধবার ইয়ামিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অভিযোগ প্রমানিত হলে ইয়ামিনের ১৫ বছরের কারাদন্ড হতে পারে। খবর আল-জাজিরা’র

অভিযোগে বলা হয়েছে, আব্দুল্লাহ ইয়ামিন সরকারি অর্থের দশ লাখ ডলার ব্যক্তিগত অ্যাকাউন্টে নিয়েছিলেন। দেশটির ইতিহাসে এটা সবচেয়ে বড় আর্থিক কেলেংকারি বলে মনে করা হচ্ছে। প্রসিকিউটর জেনারেলের অফিস এসব তথ্য জানিয়েছে। গত বছরের নির্বাচনে পরাজয় বরণ করা ৫৯ বছর বয়সী ইয়ামিন এসব অভিযোগ অস্বীকার করেছেন। প্রেসিডেন্ট ইয়ামিনের আমলে পর্যটন বোর্ড একটি দ্বীপের নিলাম ডেকে ৭৯ মিলিয়ন ডলার পেয়েছিল যা থেকে প্রেসিডেন্ট কিছু অর্থ নিজের কাছে নিয়েছিলেন। এই অর্থ তিনি রাজনীতিকদের ঘুষ দিতে ব্যবহার করেছিলেন। গোপনে ধারণা করা এক ভিডিওতে প্রেসিডেন্ট ইয়ামিনের সাবেক সহযোগী বলেছেন, কিছু অর্থ তারা কালো ব্যাগে করে ইয়ামিনের বাড়িতে নিয়েছিলেন। তিনজন মিলে এই ব্যাগ বহন করেছিলেন। তাদের মধ্যেও একজন বিষয়টি স্বীকার করেছেন। এছাড়া এক মিলিয়ন ডলার এসওএফ প্রাইভেট লিমিটেডের মাধ্যমে ব্যক্তিগত অ্যাকাউন্টে নিয়েছিলেন ইয়ামিন।