ছোট পর্দায় অভিনয় করলেও বর্তমানে সিনেমায় নিয়মিত কাজ করছেন আবদুন নূর সজল। সম্প্রতি ‘দোলাচল’ নামের একটি সিনেমার কাজ শেষ করেছেন। শিগগিরই একটি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিনেমাটি। ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত হয়েছে ‘দোলাচল’।
এই সিনেমায় সজলের সঙ্গে পর্দা শেয়ার করেছেন অপর্ণা ঘোষ ও কাজী নওশাবা আহমেদ। ফারিয়া হোসেনের রচনায় সিনেমাটি পরিচালনা করেছেন আরিফ খান।
সজল ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘আমাদের প্রত্যেকের জীবনে ভালোলাগা কাজ করে। সেই জায়গা থেকে আমরা কিছু কাজ করে থাকি। অনেক সময় এমন হয়- ভালোলাগা ও দায়িত্ব দুটো জিনিস আমরা ব্যালেন্স করে উঠতে পারি না। তেমনই একটি গল্পে ‘দোলাচল’ নির্মাণ করা হচ্ছে। সিনেমাটি দর্শকরা দেখলেই সেটি উপলব্ধি করতে পারবেন। আশা করছি এটি দর্শকের ভালো লাগবে।’
এদিকে নাদের চৌধুরীর পরিচালনায় ‘জ্বীন’ নামের আরেকটি সিনেমায় অভিনয় করেছেন সজল। সেন্সর সার্টিফিকেট পাওয়ার পর সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটি দেখতে দর্শকের আগ্রহের মাত্রাও বেড়েছে বহুগুণ। এতে সজলের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন পূজা চেরী।
চলমান ধারাকে ছাপিয়ে নতুন প্যাটার্নে নির্মিত হয়েছে ‘জ্বীন’। এতে ভিএফএক্সের অনেক কাজ রয়েছে। আমাদের দেশে এর আগে কখনও এমন সিনেমা নির্মিত হয়নি। পরিচালক নাদের চৌধুরী ছবিটিকে ভিন্ন স্বাদের ছোঁয়ায় পরিপূর্ণ করে তুলেছেন। এছাড়াও টিভি নাটকে নিয়মিত অভিনয় করছেন সজল। তবে বর্তমানে শুধু একখণ্ডের নাটকেই অভিনয় করছেন তিনি।
ইত্তেফাক/বিএএফ