ভালোবাসা দিবসে ভক্তদের দারুণভাবে চমকে দিলেন তাহসান খান। ‘শেষদিন’ শিরোনামের নতুন একটি গানচিত্র প্রকাশিত হয়েছে তার। এই গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী টিনা। গীতিকবি জুলফিকার রাসেলের কথায় যার সুর বুনেছেন যৌথভাবে তাহসান ও সাজিদ সরকার। সঙ্গীতায়োজনেও আছেন সাজিদ সরকার।
‘মনে করো, কাল বলে কিছু নেই/ আজই সেই শেষদিন/ যা বলার আছে বলে দাও/ জানোই তো মন খুলে সব বলা কত কঠিন/ মনে করো, আজই শেষদিন’—এ কথাগুলোই সুরে, গানে বলছেন তাহসান ও টিনা।
গতবছরের প্রথমদিকে তৈরি হয়েছিল ভালোবাসার গানটি। মূলত ভালোবাসা দিবসকে কেন্দ্র করেই এটি গেয়েছেন তাহসান ও টিনা। মাঝের সময়টাতে নির্মিত হয়েছে একটি ব্যয়বহুল ভিডিও। অবশেষে এটি প্রকাশিত হলো।
গানটি প্রসঙ্গে তাহসানের ভাষ্য এমন, ‘কথাগুলো অসাধারণ। এটাই এ গানের মূলশক্তি। এছাড়া সুর যেহেতু নিজে করেছি তাই এ বিষয়ে কথা বলবো না। মিউজিক অ্যারেঞ্জমেন্টে সাজিদ বরাবরই ভালো। আমার সঙ্গে টিনাও গেয়েছেন দারুণ। বাকিটা শ্রোতারা বলবেন।’
একই প্রসঙ্গে কণ্ঠশিল্পী টিনা বলেন, ‘শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে মূলত আমার পড়াশোনা। আমার প্রথম অ্যালবামে এর প্রভাব ছিল। এরপর থেকে আমি চাইছিলাম পরবর্তী গানগুলোতে আরো অন্যরকম হোক। এই গানটিতে সেই চেষ্টাটা করা হয়েছে। সঙ্গে আছে তাহসান ভাইয়ের অসাধারণ গায়কী। ভিডিওটাও অনেক ভালো হয়েছে। এবার দর্শক-শ্রোতাদের মতামতের অপেক্ষায় থাকলাম।’