জুনের মধ্যে চামড়া শিল্পনগরীর কাজ সমাপ্ত করার নির্দেশ

ট্যানারি উদ্যোক্তাদের ব্যবসার স্বার্থে সাভার চামড়া শিল্পনগরীর সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত এর সমাধান করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি চলতি বছর জুনের মধ্যে চুক্তি অনুযায়ী চামড়া শিল্পনগরীর বাকি কাজ সমাপ্ত করতে প্রকল্প সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। শিল্পমন্ত্রী গতকাল সাভারে অবস্থিত ঢাকা চামড়া শিল্পনগরি প্রকল্প সরেজমিনে পরিদর্শন শেষে প্রকল্প সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আয়োজিত পর্যালোচনা সভায় এ কথা বলেন। শিল্পনগরীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ. রহমান এম.পি, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এম.পি, শিল্প সচিব বেগম পরাগ, চামড়া শিল্প উদ্যোক্তা মনজুরে এলাহী, মহিলা শিল্প উদ্যোক্তা নিহাত কবিরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।