যুবাদের দ্বিতীয় চারদিনের ম্যাচ আজ শুরু

ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজের শেষ প্রান্তে চলে এসেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সীমিত ওভারের দুই ফরম্যাটে জয়ের পর এবার চারদিনের ম্যাচেও সফরকারীদের বিরুদ্ধে সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশের যুবাদের সামনে। প্রথম চারদিনের ম্যাচে আট উইকেটের জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে আছে টাইগার জুনিয়ররা। আজ সিরিজের দ্বিতীয় ও শেষ চার দিনের ইংল্যান্ড যুবাদের মুখোমুখি হবে বাংলাদেশ যুব দল।

এই ম্যাচটি জিতলে বা ড্র করলেও সিরিজ নিশ্চিত করবে আকবর আলীর দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

সিরিজ শেষে আগামী ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ছাড়বে সফরকারীরা। সিরিজে এখনও জয়শূন্য ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। কক্সবাজারে সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে হেরেছিল ইংল্যান্ড। পরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ৩-০ তে ইংল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশের যুবারা।