চট্টগ্রামে চেক প্রতারণা মামলায় শিল্প প্রতিষ্ঠানের তিন পরিচালকের কারাদণ্ড

চেক প্রতারণা মামলায় রুবাইয়া ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি শিল্প প্রতিষ্ঠানের ৩ পরিচালককে এক বছর করে কারাদণ্ড ও চেকের সমপরিমাণ ১০ কোটি টাকা অর্থদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। চট্টগ্রামের ৭ম যুগ্ম মহানগর দায়রা জজ জেসমিন আক্তার কলি গতকাল বৃহস্পতিবার এ রায় দেন। দণ্ডিত আসামিরা হলেন—রুবাইয়া ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হারুন অর-রশিদ, পরিচালক হাসনাইন হারুন ও চেয়ারম্যান আনজুমান আরা বেগম।

আদালতসূত্র জানায়, আসামিরা ইসলামী ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে বিনিয়োগ সুবিধা গ্রহণ করেন কিন্তু ব্যাংকের পাওনা টাকা যথাসময়ে না দেওয়ায় তাঁরা খেলাপি গ্রাহকে পরিণত হন। বিনিয়োগের টাকা পরিশোধের জন্য তাদের পরিচালিত প্রতিষ্ঠানের হিসাবের বিপরীতে প্রদত্ত ৯ কোটি ৬৬ লাখ ৫৪ হাজার ১৮৭ টাকার চেক বাদী ব্যাংকের সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে উপস্থাপন করলে সেটি পাস না হয়ে পরিবর্তে ডিসঅনার হয়ে ফেরত আসে। এ ঘটনায় ২০১২ সালের ৩০ আগস্ট ব্যাংকের সিনিয়র অফিসার মোহাম্মদ ফোরকান বাদী হয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত আসামিদের বিরুদ্ধে এনআই অ্যাক্ট এর ১৩৮/১৪০ ধারার অপরাধে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন এবং সাক্ষীর জেরা, জবানবন্দি যুক্তিতর্ক শেষে গতকাল রায় ঘোষণা করেন।  জানা গেছে, মামলা চলাকালীন আসামিরা আদালত থেকে জামিনে গিয়ে পালিয়ে যায়। আদালতের রায় অনুযায়ী গ্রেফতার হওয়ার দিন থেকে সাজা কার্যকর হবে।