চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি দুইটি লম্বা বন্দুক, চারটি এলজি বন্দুক, দুইটি ছোরা ও ১৭ রাউন্ড গুলি জব্দ করা হয়।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চকরিয়া-লামা আলীকদম সড়কের ফাঁসিয়াখালী রিংভং বালু রাস্তার মাথা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় ডাকাতদের ছোঁড়া গুলিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী, এস আই আলমগীর ও এস আই সুকান্ত চৌধুরী আহত হয়। তাদেরকে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিত্সা করা হয়েছে। আটক ডাকাতরা হলো— খুটাখালী গর্জনতলী এলাকার গিয়াস উদ্দিন, ডুলাহাজারা ইউনিয়নের কাটাখালী এলাকার এনামুল হক ও মহেশখালী উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের দক্ষিণ ঝাপুয়া এলাকার আবদুল হামিদ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, আটককৃতদের বিরুদ্ধে চকরিয়াসহ বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে ডাকাতি প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে।