ওসমানীনগরে প্রাইভেটকার চাপায় স্থানীয় একটি মাদ্রাসার প্রিন্সিপালের মৃত্যু হয়েছে। নিহত মাওলানা শায়খুল ইসলাম (৫০) উপজেলার শেখ ফজিলাতুন্নেসা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ও সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার অনন্তপুর গ্রামের মৃত উস্তার আলীর ছেলে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের উপজেলার বুরুঙ্গা সড়কেরমুখ নামক এলাকায় ঘটনাটি ঘটে।
অভিযোগে জানা যায়, বৃহস্পতিবার সকালে মাওলানা শায়েখুল ইসলাম মোটরসাইকেলযোগে তার কর্মস্থল বুরুঙ্গা শেখ ফজিলাতুন্নেসা ফাজিল মাদ্রাসায় যাচ্ছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কের বুরুঙ্গা সড়কেরমুখ নামক স্থান থেকে বুরুঙ্গা রাস্তায় ঢুকার সময় পিছন দিক থেকে একই মাদ্রাসার বাংলা বিভাগের শিক্ষক লুত্ফুর রহমান তার প্রাইভেট কার দিয়ে পিছন দিক থেকে মটর সাইকেলকে ধাক্কা দেন। এ সময় ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলের আরোহী মাওলানা শায়খুল ইসলাম। প্রাইভেটকারটি পুলিশ আটক করলেও চালক লুত্ফুর রহমান পলাতক রয়েছেন।
শেরপুর হাইওয়ে থানার এস আই কামরুল ইসলাম জানান, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করে । প্রাইভেটকারটি থানায় নিয়ে আসা হয়েছে। তবে পূর্ব শত্রুতার জের ধরে ঘটনাটি ঘটেছে বলে মৌখিক অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।