চোরাইপথে আইনের অপব্যবহার করে বিদেশ থেকে অনুমোদিত নয় এমন জিনিসপত্র আনা-নেওয়া করাকে ব্লাক মার্কেট বা কালোবাজারি বলা হয়। সাধারণত সীমান্তবর্তী জেলা-উপজেলাগুলোতে এগুলো বেশি ঘটে থাকে। বিগত এক দশক ধরে এই কালোবাজারির মাত্রা কমলেও সমপ্রতি সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী উপজেলা কলারোয়ায় বেড়েছে কালোবাজারিদের দৌরাত্ম্য। তারা রাতের আঁধারে মোটরসাইকেলে বিভিন্ন দ্রব্যসামগ্রী ভারত থেকে অতি অল্প দামে কিনে এনে বাংলাদেশে চড়া দামে বিক্রি করে মুনাফা লুটছে। তারা যেমন সরকারের শুল্ক ফাঁকি দিচ্ছে, তেমনিভাবে এলাকার মানুষ সহজে চলাচল করতে পারছে না। হঠাত্ করে ছয়-সাত মোটরসাইকেল অতি দ্রুত গতিতে অবৈধ মালামাল নিয়ে চলাচল করে, ফলে অনেক সময় ঘটে মারাত্মক দুর্ঘটনা। আবার কালোবাজারিরা রাত-বিরাতে ঘোরাফেরা করার কারণে অনেকেই শঙ্কিত। তাই সংশিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাব, কালোবাজারিদের দৌরাত্ম্য বন্ধ করে এলাকার মানুষের শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন এবং নিরাপত্তা নিশ্চিত করতে।
মো. ওসমান গনি শুভ
শিক্ষার্থী, পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ,
ঢাকা বিশ্ববিদ্যালয়