ঝিনাইদহে চার কোটি টাকার ফুল বিক্রি

১লা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে ঝিনাইদহ জেলার ফুলের পাইকারি হাটগুলোতে প্রায় চার কোটি টাকার ফুল কেনাবেচা হয়েছে। এদিকে ফুলের দামও চড়ে গেছে। ঝিনাইদহ জেলায় চলতি বছর আড়াইশ’ হেক্টরে গাঁদা, গোলাপ, জারবেরা, রজনীগন্ধা ও মল্লিকা ফুলের চাষ হয়েছে। বালিয়াডাঙ্গা, গান্না, কামালহাট ও নলডাঙ্গায় প্রতিদিন ফুলের পাইকারি হাট বসে। চাষিরা ক্ষেত থেকে ফুল তুলে বিক্রির জন্য হাটে আনে। বিভিন্ন স্থান থেকে আসা ফুল ব্যবসায়ীরা ফুল কিনে চালান নিয়ে যায়। গান্না গ্রামের চাষি আব্দুল আজিজ জানান, ১লা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে ফুলের দাম চড়ে গেছে। প্রতি পিস গোলাপ এক দেড় টাকা দরে বিক্রি হচ্ছিল। তা বেড়ে ১৫ টাকা পিস হয়েছে। গাঁদা ফুল প্রতি ঝোপা ৫০/ ৬০ টাকা থেকে বেড়ে ২০০ টাকা থেকে আড়াইশ’ টাকা হয়েছে। রজনীগন্ধা কালার প্রতি স্টিকের দাম চার টাকা থেকে চড়ে ১৫ টাকা হয়েছে। সাদা স্টিকের দাম ছিল দুই টাকা, তা বেড়ে ১০ টাকা হয়েছে।