ডাকাতির প্রস্তুতিকালে ঈশ্বরদীতে পুলিশের গুলিতে ডাকাতদলের হোতা গুলিবিদ্ধ হয়েছে।
ঈশ্বরদী থানা জানায়, ডাকাত জয়ের নেতৃত্বাধীন সংঘবদ্ধ ডাকাতদল ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় কয়েকটি ডাকাতি সংঘটিত করে। কয়েক মাস আগে এই দলের দুই সদস্য গুলিবিদ্ধ হয়ে ধরা পড়লেও জয় ধরা-ছোঁয়ার বাইরে থেকে যায়। মোবাইল ট্রাকিং করে কয়েকটি অভিযান চালানো হলেও জয় পালিয়ে যায়। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক এবং অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকির নেতৃত্বে একদল পুলিশ দাশুড়িয়া ইউপি’র মোকারমপুরে একটি ব্রিজের পাশে ডাকাতির প্রস্তুতির সময় ডাকাতদলকে ঘেরাও করে। এসময় ডাকাতরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালালে পুলিশ গুলিবর্ষণ করলে জয়ের পা গুলিবিদ্ধ হয়। অন্য সহযোগীরা এসময় পালিয়ে যায়। এলাকাবাসীও এসময় পুলিশের সহযোগিতায় এগিয়ে আসে বলে জানা গেছে।
ওসি ফারুকী জানান, জয় বেশ কিছুদিন ধরে পার্শ্ববর্তী কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা এলাকার চিহ্নিত ডাকাতদের আমদানি করে ঈশ্বরদীর বিভিন্ন স্থানে ডাকাতি সংঘটিত করে আসছিল। আটকের পর জয়ের নিকট হতে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। অন্যদের গ্রেপ্তারে পুলিশ তত্পর রয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার ঈশ্বরদী থানায় দুটি মামলা দায়ের হয়েছে।