বাগেরহাটে সুন্দরবন দিবস পালিত

বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে সুন্দরবন দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে বাগেরহাট প্রেসক্লাব ও সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন যৌথভাবে এর আয়োজন করে।

বক্তারা বলেন, বিশ্ব ঐতিহ্য সুন্দরবন শুধু আমাদের সম্পদ নয়, এটি এখন সারা পৃথিবীর সম্পদ। বিশ্ব ঐতিহ্য এই সুন্দরবনকে সুরক্ষা করা আমাদের সবার দায়িত্ব। কারণ, সুন্দরবন আমাদের নানা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। তাই ১৪ ফ্রেব্রুয়ারিকে জাতীয়ভাবে সুন্দরবন দিবস ঘোষণা করতে সরকারের প্রতি দাবি জানান বক্তারা।

এ সময় বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দারের সভাপতিত্বে বক্তব্য দেন, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোজাফফর হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণু প্রসাদ চক্রবর্তী ও বেসরকারি সংগঠন রূপান্তরের জেলা সমন্বয়কারী রিজিয়া পারভীন প্রমুখ।

মোংলা (বাগেরহাট): বৃহস্পতিবার মোংলায় সুন্দরবন দিবস পালিত হয়েছে। মোংলার জয়মনিরতে প্রটেক্টিং টাইগারস, পিপল এন্ড দেওয়ার ভাইটাল হেবিটেট ইন দ্য সুন্দরবন ডেল্টা থ্রু এনগেজিং দ্য লোকাল কমিউনিটিজ প্রকল্প এবং ওয়াইল্ড টিম যৌথভাবে এই দিবসের আয়োজন করে। এ সময় স্কুলপড়ুয়া ছেলেমেয়েসহ বিভিন্ন বয়সী লোক শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে সকাল ১১টার সময় জয়মনিতে এক র্যালি বের করা হয়। পরে জয়মনি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মো. শাহীন কবির, মো. শুকুরুজ্জামান হাওলাদার, গাজী জহিরুল ইসলাম, সরদার জালাল উদ্দিন, ইউপি সদস্য সরদার ওলিয়ার রহমান, ইউপি সদস্য নজরুল ইসলাম শেখ, বাঘ বন্ধু ইমরান বিশ্বাস, সৌরভ বাঘছি রাতুল, মো. সাইফুল ইসলাম প্রমুখ।