লিবিয়ায় আল-কায়েদা অবস্থানে মার্কিন বাহিনীর বিমান হামলা

লিবিয়ার দক্ষিণাঞ্চলে ইসলামি জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার অবস্থান লক্ষ্য করে বুধবার বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও লিবিয়ার যৌথবাহিনী। ত্রিপোলির জাতিসংঘ সমর্থিত জাতীয় ঐক্যের সরকার (জিএনএ) একথা জানিয়েছে।

লিবীয় প্রেসিডেন্ট ফয়েজ আল-সরাজের মুখপাত্র জানান, জিএনএ’র সাথে সমন্বয় করে উবারি শহরের কাছে এ বিমান হামলা চালানো হয়। শহরটি লিবিয়ার রাজধানী থেকে প্রায় ৯শ’ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। বিস্তারিত উল্লেখ না করে এক বিবৃতিতে মুখপাত্র মোহাম্মাদ আল-সালেক বলেন, ‘সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার অনেক সদস্য’ এই হামলার লক্ষ্যবস্তু ছিল। ন্যাটোর সহযোগিতায় ২০১১ সালে লিবিয়ার সাবেক নেতা মোয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করা হয়। তিনি নিহত হওয়ার পর প্রতিদ্বন্দ্বী বিভিন্ন প্রভাবশালী গ্রুপগুলোর মধ্যে সহিংসতায় লিবিয়া ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।            —এএফপি