দিল্লিতে আপের সঙ্গে জোটে কার্যত কংগ্রেসের না জানালেন কেজরিওয়াল

জল্পনাই সত্যি হলো। বুধবার রাতেও একসঙ্গে বৈঠক করেছেন ভারতের কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী- আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু তারপরও ভেস্তে গেল কংগ্রেসের সঙ্গে আম আদমি পার্টির জোট। লোকসভা ভোটে আম আদমি পার্টির (আপ) সঙ্গে জোটে ‘কার্যত না’ করে দিয়েছে কংগ্রেস। এ কথা জানালেন খোদ আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। খবর আনন্দবাজার পত্রিকা

বুধবারই দিল্লির যন্তরমন্তরে বিরোধীদের ধর্না হয়েছে। ধর্নার আয়োজক ছিল আপ। তাতে রাহুল গান্ধী না গেলেও প্রতিনিধি হিসেবে পাঠিয়েছিলেন আনন্দ শর্মাকে। তারপর রাতে এনসিপি নেতা শরদ পওয়ারের বাড়িতে রাহুল গান্ধী, কেজরিওয়াল এবং পাওয়ারের বৈঠক হয়। ওই বৈঠকে জোট প্রসঙ্গে কোনো কথা হয়েছে কি-না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু না বলেও বৃহস্পতিবার কেজরিওয়াল জানিয়ে দিলেন, কংগ্রেস দিল্লিতে আপের সঙ্গে জোটে রাজি হয়নি।

দিল্লিতে এ দিন সাংবাদিক সম্মেলন করেন অরবিন্দ কেজরিওয়াল। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা দেশবাসীর জন্য চিন্তিত। তাই আমরা (জোটের বিষয়ে) বেশি আগ্রহী ছিলাম। কিন্তু কংগ্রেস জোটকে এক প্রকার ‘না’ করেই দিয়েছে।’’ যদিও আপের একটি সূত্রে খবর, এখনও জোট করার প্রচেষ্টা জারি রয়েছে, আলোচনা চলছে কংগ্রেসের সঙ্গে।