লাইফ সাপোর্টে আছেন চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন। গতকাল সকালে ব্রেনস্ট্রোক করলে তাকে রাজধানীর ইমপালস হাসপাতালে নেওয়া হয়। তার ছেলে নির্মাতা ও অভিনেতা সোহেল আরমান বলেন, ‘সকালে আমি যখন বুঝতে পারি আব্বা হাত-পা নাড়তে পারছেন না তখনই তাকে হাসপাতালে নিয়ে আসি। চিকিত্সক জানান, আব্বা ব্রেনস্ট্রোক করেছেন। তার শারীরিক অবস্থা ভালো না। যে কারণে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। সেখানে তিনি ডাক্তার শহীদুল্লাহ সবুজের তত্ত্বাবধানে আছেন।’ হাসপাতাল সূত্রে জানা গেছে, আমজাদ হোসেনের শারীরিক অবস্থা বিশেষ ভালো নয়। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছেন।
উল্লেখ্য, আমজাদ হোসেন ১৯৬১ সালে হারানো দিন ছবিতে অভিনয় দিয়ে চলচ্চিত্রে আগমন করেন। পরে তিনি চিত্রনাট্য রচনা ও পরিচালনায় মনোনিবেশ করেন। ১৯৬৭ সাল থেকে তিনি এ পর্যন্ত বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেছেন।