রাজধানীর কুড়িল বিশ্বরোডের জোয়ার সাহারা এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে আলাদা দুটি দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন দুইজন। এরমধ্যে একজন মোবাইলে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। অন্যজন নিহত হয়েছেন দৌড়ে রেললাইন পার হতে গিয়ে। ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) ইয়াসিন ফারুক মজুমদার বলেন, জোয়ার সাহারা এলাকায় পৃথক দুটি দুর্ঘটনায় ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। সকাল ৯টা ও ১০টার দিকে এসব দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।
ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ(ওসি) গাজী শাহান হক জানান, সকাল নয়টার দিকে শেওড়া রেললাইন এলাকায় ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় রাজশাহী থেকে ঢাকাগামী ট্রেনের ধাক্কায় প্রাণ হারান একজন। অন্যজন নিহত হন দৌড়ে রেললাইন পার হতে গিয়ে। তাদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।