সনদধারী ব্রোকারদের নাম প্রকাশ করা হবে

বিদেশে কাজ করতে যাওয়া বাংলাদেশি কর্মীদের ওপর নির্যাতন ও শোষণ বন্ধে অসাধু দালালদের কোণঠাসা করে ফেলার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ। এক্ষেত্রে সনদধারী এজেন্ট ও ব্রোকারদের একটি তালিকা করা হবে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে কর্মীদের অভিবাসন খরচও কমতে পারে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রৌনক জাহান। খবরে বলা হয়েছে, বর্তমানে দেশের বাইরে কাজ করছেন ৭৫ লাখের বেশি বাংলাদেশি। ২০১৭ সালে কমপক্ষে ১০ লাখ মানুষ বিদেশে কাজ করতে গেছেন।