বরিশালে শিশু গৃহকর্মী ধর্ষণ নির্যাতন

বরিশালে ১৪ বছর বয়সী এক গৃহকর্মীকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের ঘটনায় গৃহকর্তাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর লুত্ফর রহমান সড়ক থেকে তাদের আটক করে পুলিশ। পাশাপাশি ওই গৃহকর্মীকেও উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলো- মজিবর রহমান হাওলাদার, সায়লা রহমান ও মো: মাসুম।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশ জানায়, এক বছর আগে ওই বাড়িতে গৃহপরিচারিকার কাজ নিয়েছিল ভিকটিম। কাজে কোন ভুল হলে মজিবর রহমান ও তার স্ত্রী সায়লা রহমান প্রায় তাকে মারধর ও নির্যাতন করতো। এর মধ্যে ২৬ জানুয়ারি দুপুরে মজিবর ও সায়লা বাসায় না থাকার সুযোগে মজিবরের দোকান কর্মচারী মো: মাসুম বাসায় এসে ভিকটিমকে ধর্ষণ করে। এরপূর্বেও একাধিকবার ভিকটিমকে ধর্ষণ করে মাসুম। এই বিষয়টি ভিকটিম গৃহকর্তাকে জানালে তারা উল্টো ভিকটিমকে মারধর করে এবং বিষয়টি নিয়ে কাউকে কিছু বলতে নিষেধ করে। গত ১২ ফেব্রুয়ারি পুনরায় কাজে ভুল হওয়ায় তারা ভিকটিমকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করে।

এবার খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে ওই গৃহকর্মীকে উদ্ধার করে। একই সঙ্গে আটক করা হয় নির্যাতন ও ধর্ষণের ঘটনায় জড়িত তিনজনকে। এয়ারপোর্ট থানা পুলিশের সেকেন্ড অফিসার অরবিন্দ বিশ্বাস জানান, এ ঘটনায় তিনজনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করা হয়েছে।