মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ স্কুলশিক্ষার্থী শামিমা বেগম আবারও যুক্তরাজ্যে ফিরতে চান। ২০১৫ সালে আইএসে যোগ দিতে সিরিয়ায় যাওয়ায় এই তরুণী ইতিমধ্যে ব্রিটিশ সরকারের কাছে ফেরার অনুমতি চেয়ে আবেদন করেছেন।
বিবিসি’র এক খবরে বলা হয়েছে, বর্তমানে সিরিয়ার একটি শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন শামিমা। সেখানেই টাইমসের এক সাংবাদিককে দেওয়া সাক্ষাতকারে নয় মাসের অন্ত:সত্ত্বা শামিমা বলেন, তিনি ব্রিটেনে ফিরে যেতে চান নিজের এবং সন্তানের জন্য। তিনি বলেন, আমি আর চার বছর আগের সেই ১৫ বছর বয়সী ছোট স্কুল শিক্ষার্থী নই। সিরিয়ায় পালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনুতপ্ত নন বলেও জানান তিনি। শামিমা বলেন, আমি সত্যিই ব্রিটেনে ফিরে যেতে চাই কারণ সেখানে আমার সন্তান ভালোভাবে বেড়ে উঠবে। সেজন্য আমি যেকোনো কিছু করতে প্রস্তুত। লন্ডনের বেথনেল গ্রিন অ্যাকাডেমি স্কুলের শিক্ষার্থী ছিলেন শামিমা। ২০১৫ সালে আমিরা আবাসে ও খাদিজা সুলতানা নামে আরও দুই কিশোরীকে সঙ্গে নিয়ে আইএসে যোগ দেন তিনি। তারা ঘোষণা দেন যে, জিহাদিদের বিয়ে করে তাদের সন্তানকে যুদ্ধে পাঠাবেন তারা। পরিবারকে একদিনের জন্য বাইরে যাওয়ার কথা বলে তুরস্ক গিয়ে সীমান্ত অতিক্রম করে সিরিয়ায় প্রবেশ করেছিলেন তারা।