কেরানীগঞ্জ (ঢাকা): বুড়িগঙ্গা তীরে ৯ম দিনের উচ্ছেদ অভিযানে সোনালী ব্যাংকের কাছে বন্ধক রাখা একটি চারতলা ভবন ও ৭টি দ্বিতল ভবনসহ অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডবিউটিএ। এ নিয়ে ১৫৫৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বিআইডবিউটিএ’র যুগ্ম পরিচালক (ঢাকা বন্দর) এ. কে. এম আরিফ উদ্দিন বলেন, নদীতীরের সব অবৈধ স্থাপনা উচ্ছেদে বদ্ধপরিকর তারা। চারতলা ভবনটি সোনালী ব্যাংকের নিকট দায়বদ্ধ থাকলেও নদীর তীরে ভবন নির্মাণের ক্ষেত্রে বিআইডবিউটিএ’র অনাপত্তিপত্র নিতে হয়। এ ক্ষেত্রে তা নেওয়া হয়নি। তাই ভবনটি উচ্ছেদ করা হয়েছে। তবে ক্ষতিগ্রস্তদের অভিযোগ, উচ্ছেদে এসিল্যান্ড ও সার্ভেয়ার না থাকায় রেকর্ডীয় সম্পত্তি বৈধ বাড়িও ভাঙা হচ্ছে। ভূমির কাগজপত্র দেখে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের কাছে গত ৯ দিনে উচ্ছেদ হওয়া বেশ কিছু স্থাপনার মালিক আবেদন জানান।