শিল্প খাতে ব্যাপক উন্নতির জন্য সরকার নানা পদক্ষেপ নিয়েছে —শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, বর্তমান সরকার শিল্প বান্ধব, তাই শিল্পখাতে ব্যাপক উন্নতি করার জন্য সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে। বৃহস্পতিবার বিকেলে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরী ট্যানারি পরিদর্শন শেষে এক আলোচনাসভায় মন্ত্রী একথা বলেন। এসময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিল্পখাতে আরও অনেক উন্নতি করতে চায়। ব্যবসায়ীরা যাতে সঠিকভাবে ব্যবসা করতে পারে এজন্য বেশকিছু পদক্ষেপ হাতে নিয়েছে সরকার।

ট্যানারির কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি ) প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, সিইটিপির সঠিক ব্যবস্থাপনার অভাবে ট্যানারির রপ্তানি কমে গেছে। অচিরেই ট্যানারির রাস্তাঘাট আরও উন্নত করা হবে। চামড়া রপ্তানি খাত দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত। আমরা খুব দ্রুতই ট্যানারির সকল সমস্যা সমাধান করব।

এর আগে ট্যানারি এলাকা পরিদর্শন করেন অতিথিরা। এসময় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, বিসিক চেয়ারম্যান বেগম পরাগ, চামড়া শিল্প নগরীর প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার আবু বক্কর সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।