সড়ক দুর্ঘটনার জন্য বিচারের মুখোমুখি হচ্ছেন না ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ। গতকাল বৃহস্পতিবার ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) এই কথা জানিয়েছে। গত মাসে এক গাড়ি দুর্ঘটনার কারণে সমালোচনার মুখে পড়েন ৯৭ বছর বয়সী প্রিন্স ফিলিপ। এতে দুই নারী আহত হন। সমালোচনার মুখে তিনি দু:খ প্রকাশ করেছিলেন। সিপিএস সরাসরি ফিলিপের নাম প্রকাশ করেনি। সিপিএস বলেছে, তারা দুর্ঘটনার মাত্রা, চালকের বয়স এবং তার লাইসেন্স সমর্পনের বিষয়টি আমলে নিয়েছেন। আর এটা জনগনের সঙ্গে খুব বেশি সম্পৃক্ত নয়। বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে সিপিএস’র সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। - সিএনএন