ঠাকুরগাঁওয়ে তিন ব্যক্তি নিহত

ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বিজিবি-গ্রামবাসী সংঘর্ষে নিহত ও আহত পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। এতে বলা হয়েছে, দেশের সীমান্ত রক্ষা ও সীমান্তের নিরাপত্তার কাজে নিয়োজিত বিজিবি সদস্যরা গরু ছিনতাইয়ের নামে অত্যন্ত বেআইনিভাবে নিরস্ত্র গ্রামবাসীর উপর প্রকাশ্যে গুলি চালিয়েছে। যা সংবিধানের লংঘন। ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের পাশাপাশি ঘটনায় জড়িত বিজিবি কর্মকর্তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের কাছে নির্দেশনা চাওয়া হয়েছে। বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আগামী সপ্তাহে এ আবেদনের উপর শুনানি হতে পারে।

গত ১২ ফেব্রুয়ারি গরু নিয়ে ‘গণ্ডগোলে’ ঠাকুরগাঁওয়ে বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) গুলিতে তিন ব্যক্তি নিহতের ঘটনা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তনয় কুমার বিশ্বাস।