ঠাকুরগাঁওয়ে অশ্লীল নৃত্য ও হাউজি বন্ধের দাবি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নে আনন্দ মেলার নামে অশ্লীল নৃত্য এবং হাউজি বন্ধের দাবিতে বৃহস্পতিবার বিকালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা এলাকায় সচেতন সমাজের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সকল শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, অনুমতিবিহীন মেলার নামে এলাকায় র্যাফেল ড্র, যাত্রাপালায় অশ্লীল নৃত্য এবং হাউজি খেলা পরিচালনা করা হচ্ছে। স্থানীয় প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বার বার বিষয়টি বলা সত্ত্বেও অজ্ঞাত কারণে মেলা বন্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এদিকে মেলার যাত্রাপালার মাইকের বিকট শব্দে চরম ভোগান্তিতে পড়েছে এসএসসি পরীক্ষার্থীরা। তাই মেলা বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান এলাকাবাসী। মানববন্ধনে বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মিঞা, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মুন্না, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এনএম নূরুল ইসলাম, সাংবাদিক হারুন অর রশিদ, জুলফিকার আলী, রমজান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।