প্রত্যেক নাগরিকের নিরাপত্তা বিধানে সরকার বদ্ধপরিকর ------------------------রেল মন্ত্রী

রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন বলেছেন, প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে এবং প্রত্যেক নাগরিকের নিরাপত্তা বিধানে সরকার বদ্ধপরিকর। যেই ধর্মেরই হোক প্রত্যেকে তাদের স্ব স্ব অবস্থান থেকে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করবে। এ বিষয়ে সরকার সবসময়ই সচেতন।

শুক্রবার সকালে পঞ্চগড়ের আহমদনগরে আহমেদিয়া মুসলিম জামাতের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

তিনি এ সময় হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে এবং ওই সম্প্রদায়ের অনুসারীদের নিরাপত্তা দিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন। এছাড়া তিনি আহত ও ক্ষতিগ্রস্তদের চিকিত্সা ব্যয়সহ ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দেন।

পরিদর্শন শেষে রেলপথ মন্ত্রী জলসাস্থলে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন। এ সময় পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহমেদ, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার সাদাত সম্রাট প্রমুখ উপস্থিত ছিলেন।

আহমদিয়া মুসলিম জামাতের বার্ষিক সালানা জলসা বন্ধের দাবিকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে খতমে নবুয়তসহ কয়েকটি ধর্মভিত্তিক সংগঠনের অনুসারীরা আহমদনগরে আহমদিয়াদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে।