সৈয়দপুরের পার্কে অসামাজিকতা বন্ধে মানববন্ধন

সৈয়দপুর ওয়াপদা মোড়ে অবস্থিত বিনোদন পার্ক পাতাকুড়িতে বিনোদনের নামে অসামাজিক কার্যকলাপ বৃদ্ধির অভিযোগ করেছে এলাকাবাসী এবং তা বন্ধে কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে মানববন্ধন করেছে তারা।

গত বৃহস্পতিবার বিকেলে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনে অংশ নেয় অত্র এলাকার বিভিন্ন পেশাজীবী মানুষ, অভিভাবক ও শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন পেশাজীবী মানুষ বিনোদনের নামে দেহ ব্যবসা বন্ধ করোসহ নানা  স্লোগান সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে আগত অভিভাবকরা অভিযোগ করেন, পার্কে দিন দিন অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে অথচ পার্ক কর্তৃপক্ষ তা বন্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। পার্ক কর্তৃপক্ষের উদাসীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা ছাড়াও উঠতি বয়সী যুবক-যুবতীরাও নানা অসামাজিক কাজে জড়িয়ে পড়ছে পার্কে।

এ সময় বক্তব্য রাখেন,  সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব সোহাগ সরকার। এছাড়াও বক্তব্য রাখেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ। বক্তারা অবিলম্বে পাতাকুড়িতে দেহ ব্যবসা বন্ধ ও পাতাকুড়ি বিনোদন পার্ককে শিশু পার্কে রূপান্তর করার জোর দাবি জানান। কর্তৃপক্ষ অসামাজিক কার্যকলাপ বন্ধে কোনো পদক্ষেপ না নিলে এখন থেকে এলাকাবাসী ব্যবস্থা নিবে বলে হুঁশিয়ারি করেন।