মঠবাড়িয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

শুক্রবার সকালে মঠবাড়িয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তার নাম আরমান (১৬)। সে পার্শ্ববর্তী ভাণ্ডারিয়ার হরিণপালা গ্রামের মো. আফজাল হাওলাদারের ছেলে ও মঠবাড়িয়ার তুষখালী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া থেকে আরমান তার চাচা হানিফ হাওলাদারকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল। এ সময় উল্টো দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে আরমান ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনায় সঙ্গে থাকা তার চাচা হানিফ হাওলাদার গুরুতর আহত হয়েছেন।

মঠবাড়িয়া থানার ওসি মো. শওকাত আনোয়ার জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও ট্রাকটিকে জব্দ করা হয়েছে। ট্রাক চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।