সিরিজের শেষ প্রান্তে এসে ব্যাট হাতে বেশ ছন্দ খুঁজে পেয়েছে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে গতকাল শুরু হওয়া দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচে প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে হাঁটছে ইংলিশ যুব দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল প্রথম দিনের খেলা শেষে সফরকারীদের সংগ্রহ ছয় উইকেটে ২৯৫ রান। জর্জ হিল ৭৯, হলম্যান ৬ রানে অপরাজিত আছেন।
সাগরিকায় টস জিতে ইংলিশদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ যুব দল। ইনিংসের ষষ্ঠ ওভারে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন আসাদউল্লাহ গালিব। দলীয় ১৬ রানে বাল্ডারসন (৯) ফিরেন তানজিদ হাসানের হাতে ক্যাচ দিয়ে। দ্বিতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন চালর্সওয়ার্থ ও স্মিথ। তারা ১৫২ রানের বড় জুটি গড়েন। দ্বিতীয় সেশনের মাঝপথে সেই জুটি ভাঙেন মুজাক্কির হোসেন। দলীয় ১৬৮ রানে ইনিংসের ৪৬তম ওভারে চালর্সওয়ার্থ ৬৩ রান করে সাজঘরে ফিরেন। একই রানে ৪৭তম ওভারে পরপর দুই বলে রুহেল আহমেদের শিকার হন গোল্ডসওয়ার্থী ও স্মিথ। স্মিথ ৯০, গোল্ডসওয়ার্থী শূন্য রানে ফিরেন।
দ্রুত তিন উইকেট হারানোর ধাক্কা কাটিয়ে উঠেছে সফরকারীরা জর্জ হিল ও লামনবয়ের ব্যাটে। তারা ৭০ রানের জুটি গড়েন পঞ্চম উইকেটে। ইংলিশ অধিনায়ক লামনবয় ২৪ রান করে মিনহাজুরের বলে পারভেজ হোসেনের হাতে ক্যাচ দেন। ইনিংসের ৭৮তম ওভারে দিনের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন কক্স। মিনহাজুরের বলে বোল্ড হওয়ার আগে কক্স ১৩ রান করেন। এরপর আর বিপদ হতে দেননি হিল ও হলম্যান। তারা ২০ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন। বাংলাদেশের পক্ষে রুহেল-মিনহাজুর দুটি করে, আসাদউল্লাহ গালিব-মুজাক্কির একটি করে উইকেট নিয়েছেন।
আজ ম্যাচের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসের সংগ্রহকে আরও বড় করার চেষ্টাতেই থাকবে ইংল্যান্ড। অন্যদিকে আজ দিনের শুরুতে সফরকারীদের শেষ চার উইকেট দ্রুত তুলে নেওয়াই হবে বাংলাদেশের যুবাদের মূল টার্গেট।
উল্লেখ্য, সিরিজে এখনও জয়শূন্য ইংল্যান্ড যুব দল। কক্সবাজারে সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিকদের কাছে হেরেছিল ইংল্যান্ড। পরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ৩-০ তে ইংল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশের যুবারা। সিরিজ শেষে আগামী ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ছাড়বে সফরকারীরা।