সরাইলে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

সরাইলে অসহায় এক মা তার মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ করেছেন।

পুলিশ ও পরিবারিক সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের হালুয়াপাড়া গ্রামের ইদ্রিস খাঁর মেঝ ছেলে রহিম মিয়া কয়েক বছর আগে মাদকাসক্ত হয়ে পড়ে। এতে  সে উচ্ছৃঙ্খল জীবন যাপন করে আসছিল। নেশার টাকার জন্য রহিম মিয়া নানা অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িয়ে পড়ে। সম্প্রতি নেশার টাকার জন্য রহিম মিয়া অধিক মাত্রায় বেপরোয়া হয়ে ওঠে। নেশার টাকার জন্য রহিম তার পরিবারের সদস্যসহ তার মায়ের ওপর শারীরিক নির্যাতন চালায়। গত বুধবার ঘরের আসবাবপত্র ভাঙচুর করে লোহার রড হাতে মাকে হত্যার চেষ্টা চালায়।  

ছেলের অত্যাচার-নির্যাতন সইতে না পেরে প্রতিবেশীদের সহায়তায় অসহায় মা তাজনেহার বেগম (৬৫) গত বুধবার রাতে রহিম মিয়াকে পুলিশে সোপর্দ করেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম এ এস    মোসা    তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে      রহিম মিয়াকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।