কুমিল্লায় গোলাম মোস্তফা চৌধুরী স্মারকগ্রন্থের পাঠ উন্মোচন

দৈনিক ইত্তেফাকের আমৃত্যু কুমিল্লা সংবাদদাতা ও জেলার বিশিষ্ট শিশু সংগঠক সাংবাদিক গোলাম মোস্তফা চৌধুরীর ৮৯তম জন্মদিন বৃহস্পতিবার বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে পালন করা হয়েছে। এ উপলক্ষে ‘রৌদ্রজল’ এর আয়োজনে ‘বিচিত্র বর্ণিল গোলাম মোস্তফা চৌধুরী’ স্মারকগ্রন্থের পাঠ উন্মোচন ও ভালোবাসার আবরণে বসন্তবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুমিল্লা নগরীর ধর্মসাগরের উত্তর পাড়স্থ কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচিকাঁচার মেলার যুগ্ম পরিচালক অনিমা মজুমদার। অনুষ্ঠানে গোলাম মোস্তফা চৌধুরীর কর্মময় বর্ণাঢ্য জীবনের স্মৃতি উল্লেখ করে বক্তব্য রাখেন কুমিল্লা মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মোসলেহ উদ্দিন আহমেদ, নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী, বিশিষ্ট ছড়াকার জহিরুল হক দুলাল, অধ্যক্ষ শামীম হায়দার, কবি ফখরুল হুদা হেলাল, কবি সৈয়দ আহমাদ তারেক, বিটিভি ও ইত্তেফাকের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ আরজু, ভারতের আগরতলার শ্রোত প্রকাশনীর পরিচালক গোবিন্দ ধর, কবি রতন ভৌমিক প্রণয়, জিয়াউদ্দিন ঠাকুর, রৌদ্রজল প্রকাশক নিজাম উদ্দিন রাব্বি প্রমুখ। অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন প্রয়াত গোলাম মোস্তফা চৌধুরীর সহধর্মিণী হাসিনা চৌধুরী। পরে শিল্পী তাপস কুমার দাশ, অঙ্কিতা দে এবং পূর্বাশা ও মধুমিতা কচিকাঁচার মেলার সদস্যরা সঙ্গীত পরিবেশন করেন।