সোনার গহনা ও টাকা লুটতেই এ হত্যা

সোনার গহনা ও টাকা লুটের জন্য পরিকল্পিতভাবেই খুন করা হয়েছে ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনকে এমনটিই ধারণা করছে পুলিশ। তবে এই খুনের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার।

তিনি জানান, এঘটনায় এখন পর্যন্ত দু’জন আসামিকে গ্রেফতার করা হয়েছে তারা হলেন গৃহকর্মী সরবরাহকারী রুনু ওরফে রাকিবের মা এবং গৃহকর্মী স্বপ্না ওরফে রিতা আক্তার। মাহফুজা চৌধুরীকে  হত্যার পর তার মোবাইল ফোনটি নিয়ে যায় খুনিরা। গতকাল শুক্রবার বিকালে রাজধানীর নিউমার্কেট থানায় এক সংবাদ সম্মেলনে একথা জানান ডিসি মারুফ হোসেন সরদার।

মারুফ হোসেন সরদার আরো জানান, ওই বাসায় গৃহকর্মী সরবরাহকারী রুনু ওরফে রাকিবের মাকে মিরপুর থেকে গ্রেফতার করা হয়। তাকে সঙ্গে নিয়ে এ মামলার আরেক আসামি স্বপ্না ওরফে রিতা আক্তারকে গতকাল শুক্রবার ভোরে নেত্রকোনার মদন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তবে এই ঘটনায় অভিযুক্ত অন্য গৃহকর্মী রেশমা ওরফে রুমা পলাতক রয়েছে। গ্রেফতারকৃত স্বপ্নার কাছ থেকে একটি সোনার চেইন, সাত হাজার টাকা  ও নিহত মাহফুজা চৌধুরীর ভ্যানটি ব্যাগ টাকা উদ্ধার করা হয়।

পুলিশের এ কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি এই হত্যার কথা স্বীকার করেছে। ওই বাসায় কাজ নেওয়ার সময় স্বপ্না ও রেশমা ভুয়া ঠিকানা ও পরিচয় দিয়েছিল। তাই স্বপ্নাকে গ্রেফতার করতে অনেক বেগ পেতে হয়েছে।

মারুফ হোসেন সরদার বলেন, মাহফুজা চৌধুরীকে হত্যার পর তার ডায়েরির ভেতর থেকে রেশমা ও স্বপ্না তাদের ছবি ও লেখা ঠিকানা এবং মাহফুজার মোবাইল ফোনটি নিয়ে যায়। এ কারণে অন্য গৃহকর্মী রেশমার কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। গ্রেফতারকৃতদের আগামীকাল (আজ শনিবার) রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হবে। তিনি বলেন, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। গ্রেফতারকৃত দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  গৃহকর্মী রেশমাকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

নিউমার্কেট থানা সূত্র জানায়, গৃহকর্মী স্বপ্না ও রেশমা দু’জনই এই হত্যার সঙ্গে সরাসরি জড়িত। মাহফুজা চৌধুরীকে বালিশ চাপা দিয়ে তারা শ্বাসরোধ করে হত্যা করেছে। নগরবাসীকে অনুরোধ জানিয়ে ডিসি মারুফ হোসেন সরদার বলেন, আপনারা বাড়িতে কোনো গৃহকর্মী নিয়োগ দিলে তার নাম, পরিচয় ও ঠিকানা রাখুন। এগুলো যাচাই-বাছাই করে পরিবারের একাধিক ব্যক্তির কাছে রাখুন। সংশ্লিষ্ট থানায় একটি কপি জমা দিন। এতে কেউ যদি অপরাধ করে তবে তাকে খুঁজে বের করা সম্ভব হবে।

উল্লেখ্য, রাজধানীর নিউমার্কেট থানার এলিফ্যান্ট রোডের নিজ বাসায় গত ১০ ফেব্রুয়ারি খুন হন ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন। এ ঘটনার পরদিন নিহতের স্বামী ইসমত কাদির গামা বাদী হয়ে দু্ই গৃহকর্মীসহ তিনজনকে আসামি করে  নিউ মার্কেট থানায় মামলা করেন।

মাহফুজা চৌধুরীর স্বামী ইসমত কাদির গামা মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান। মাহফুজা চৌধুরী ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ ছিলেন।